বিশেষ নাটক ‘আলতা রাঙা’ বিটিভিতে প্রচারিত হবে আজ রাত ৯টায়। নজরুল ইসলামের ‘আলতা স্মৃতি’ কবিতা অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর এবং প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। নাটকটিতে অভিনয় করেছেন ইভোন, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অন্যন্যা, গাজী রোকনসহ অনেকে।
নাটকে দেখা যাবে, বনেদি বাড়ির তরুণী শবনম ও তার সখিরা ছোটাছুটি করে খেলছে। এক তরুণ লাঠি হাতে অদূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তার কোমরে বাঁশি। শবনমের সখি লাঠিয়ালকে বাঁশি বাজাতে বলে। শবনমের কাছে লাঠিয়ালের হাবভাব ভালো মনে হয় না। সে তার বাবার কাছে বলে লাঠিয়াল ছেলাটা বেয়াদব, তবে সে সুন্দর বাঁশি বাজায়। একদিন শবনমের পায়ে শামুক বিঁধে রক্ত বের হতে থাকে। একজন সখি লাঠিয়ালকে ডেকে শবনমের পায়ের রক্ত বন্ধ করে দেওয়ার কথা বলে। শবনমের পা বেয়ে রক্ত বের হতে দেখে অন্য সখি বলে ওঠে, শবনম যেন পায়ে আলতা পরেছে!
