অ্যামটব-এর নতুন সভাপতি এরিক অস

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২২:০১

এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস। মোবাইল অপারেটর রবি থেকে মাহতাব উদ্দিন আহমেদের পদত্যাগের কারণে সভাপতি পদ শূন্য হয়। ২০২২ সালের মার্চ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন এরিক অস।

এমটবের নতুন সভাপতি এরিক অস বলেন, টেলিকম খাত দেশের সার্বিক অবকাঠামোর ডিজিটালাইজেশন ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এমটব-এর পক্ষ থেকে আমরা টেলিকম খাত ও সামগ্রিকভাবে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষে সরকার, নিয়ন্ত্রণকারী সংস্থা, নীতি নির্ধারক ও অন্যান্য অংশীদারদের সাথে কাজ করে যাব। আমরা দেশের ডিজিটাল অবকাঠামো, অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ ও চ্যালেঞ্জকে চিহ্নিত করে এগিয়ে যেতে চাই।

এমটব'র সহ-সভাপতি ইয়াসির আজমান বলেন, "টেলিকমিউনিকেশন খাতের একটি সম্মিলিত কণ্ঠ হচ্ছে এমটব, যা এই খাতের বৃহত্তর স্বার্থ ও দেশের মানুষের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আশা করি, এই খাতের নিয়ন্ত্রকদের সাথে কাজ করে আমরা বিরাজমান সমস্যাগুলি চিহ্নিত করতে ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের এই যাত্রাকে ত্বরান্বিত করতে অবদান রাখতে পারব।

এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় এরিক অসকে  অভিনন্দন জানান এমটব পরিচালক এম রিয়াজ রাশিদ। 

 

ইত্তেফাক/আরকে/ইউবি