উয়েফার বর্ষসেরা ফুটবলার জর্জিনহো

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০০:১৭

চ্যাম্পিয়নস লিগ ও ইউরো কাপ জেতায় উয়েফার বর্ষসেরা পুরস্কার পেলেন জর্জিনহো। চেলসির সতীর্থ এনগোলো কান্তে এবং ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনকে পেছনে ফেলে এ পুরস্কার জিতেন ইতালির মিডফিল্ডার জর্জিনহো। 

টানা দ্বিতীয়বার উয়েফার বর্ষসেরার শেষ তিনে ছিলেন না লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর কেউ। গতবার এই পুরস্কার জেতেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কি। চেলসির দুই মিডফিল্ডার জর্জিনহো ও কান্তের জন্য গত মৌসুম ছিল অবিশ্বাস্য। 

বৃহস্পতিবার ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ১৭৫ পয়েন্ট পেয়েছেন জর্জিনহো। সেরা তিনে থাকা ডি ব্রুইনে ১৬৭ এবং কান্তে ১৬০ পয়েন্ট পেয়েছেন। লিওনেল মেসি এ তালিকার চার নম্বরে, ১৪৮ পয়েন্ট।

উয়েফার বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে ম্যানসিটির লিগ জয়ী পেপ গার্দিওলাকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ জয়ী চেলসির কোচ থমাস ‍টুখেল। উয়েফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন চেলসির এডুয়ার্ড মেন্ডি, মিডফিল্ডার এনগোলো কান্তে এবং সেরা কোচের পুরস্কার জিতেছেন ক্লাবটির কোচ থমাস টুখেল।

দলকে ফাইনালে তোলার পথে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বর্ষসেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির রুবেন ডিয়াজ। বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন বরুশিয়া ডর্টমুমডের তরুণ প্রতিভা আর্লিং হালান্ড।

ইত্তেফাক/এসআই