কলকাতার পার্ক সার্কাস এলাকার একটি হোটেলে রহস্যজনক মৃত্যু হয়েছে বাংলাদেশি এক নাগরিকের। তার নাম তানভির নাইম (৫৩)। পুলিশ জানিয়েছে, ঢাকার উত্তরার বাসিন্দা তানভির গত এপ্রিল মাসে চিকিত্সার জন্য কলকাতায় এসেছিলেন। তারপর থেকে কড়েয়া থানা এলাকার হোটেল সাদুতে থাকছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে হোটেলের ১০৭ নম্বর কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। কলকাতার সিএনএমসি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করে। ঘরে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকালে তিনি হোটেল থেকে বের হয়ে যেতেন। এদিন অনেক বেলা পর্যন্ত না ওঠায় তারা ডাকাডাকি করে। সাড়া না মেলায় পুলিশে খবর দেওয়া হয়। বাংলাদেশ উপ-দূতাবাস সূত্র জানায়, কলকাতা পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করেছে। ময়নাতদন্তের পর মরদেহ দ্রুত বাংলাদেশে ফেরানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
