রয়টার্স
স্বাস্থ্যখাতে দুর্নীতি নিয়ে ‘অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গিয়ে’ এবার উগান্ডায় বিবিসির সাংবাদিকরা আটক হয়েছেন। পুলিশের অভিযোগ, তারা অবৈধ ভাবে প্রচুর পরিমাণে ওষুধ ও টিকা মজুদ করেছেন। যদিও উগান্ডা সরকারের এক মুখপাত্র বলেন, ওই সাংবাদিকরা সরকারি ওষুধ নিয়ে দুর্নীতির মুখোশ খুলে দিতে সাহায্য করছিলেন। সরকারের পক্ষ থেকে তাদের দ্রুত মুক্তির দাবি করা হয়েছে বলেও জানান তিনি।
উগান্ডা পুলিশের মুখপাত্র প্যাট্রিক অনইয়াংগো বলেন, পুলিশ বৃহস্পতিবার সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে আটক করে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে। আটকদের মধ্যে বিবিসির হয়ে কাজ করা দুইজন উগান্ডার এবং একজন কেনিয়ার সাংবাদিক, এমবিএস টেলিভিশনের হয়ে কাজ করা স্থানীয় এক সাংবাদিকের স্ত্রী (যিনি দলটির হয়ে কাজ করছিলেন) এবং তাদের গাড়ি চালক বলে জানায় পুলিশ। দলটির কাছ থেকে ১৪ বাক্স নানা রকম ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের টিকা জব্দ করা হয়েছে বলেও জানান অনইয়াংগো।
