খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৯

ইত্তেফাক ডেস্ক

সাংবাদিক জামাল খাশোগিকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এ সংক্রান্ত একটি খবর বৃহস্পতিবার প্রকাশ করেছে। এরপরই মার্কিন আইনপ্রণেতারা সৌদির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। এদিকে জাতিসংঘ জানিয়েছে, তাদের তদন্ত দল খাশোগিকে নিষ্ঠুরভাবে হত্যার প্রমাণ পেয়েছে। খবর আল-জাজিরা ও ডনের

মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, প্রায় এক বছর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার এক সিনিয়র সহযোগীর কাছে বলেছিলেন, ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলামিস্ট জামাল খাশোগিকে বুলেট বিদ্ধ করেই তিনি চলে যাবেন। ৩৩ বছর বয়সী সৌদি সিংহাসনের উচ্চাভিলাষী এই উত্তরাধিকারী খাশোগিকে হত্যার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বলে মার্কিন গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে।কঠোর পদক্ষেপের হুমকি

সৌদি যুবরাজ খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন কিনা স্পষ্টভাবে তা জানাতে কংগ্রেস শুক্রবার (গতকাল) পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সময় বেঁধে দেয়। এর আগে বৃহস্পতিবার নিরপেক্ষ সিনেটররা একটি প্রস্তাব দিয়েছেন। এতে সৌদি আরবে বিভিন্ন অস্ত্র রপ্তানিতে কাটছাটের কথা বলা হয়েছে। আর খাশোগি হত্যায় যুবরাজের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সৌদির বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছে।

হত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

জাতিসংঘের তদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্মকর্তারা পরিকল্পনা করে খাশোগিকে নিষ্ঠুর এবং নৃশংসভাবে হত্যা করেছে। তদন্ত কমিটির প্রধান অ্যাগনেস ক্লামারড তদন্তের জন্য গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তুরস্ক সফর করেন। ক্লামারড তদন্তে সৌদি আরবের পক্ষ থেকে বাধা সৃষ্টির চেষ্টার সমালোচনা করেছেন। একইসাথে সৌদি আরবে ১১জনকে বিচারের মুখোমুখি করার যে কথা বলা হচ্ছে, সেই বিচারের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্লামারড। তবে খাশোগির মৃতদেহের খোঁজ এখনো মেলেনি। জাতিসংঘের এই তদন্ত কমিটির আগামী জুনে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা।