বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা আদালতের এখতিয়ার। দন্ড দিয়েছেন আদালত, কারাগারে পাঠিয়েছেন আদালত, মুক্তি দিতে পারেন আদালত। গতকাল শুক্রবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই মামলা নিয়ে সরকারকে দোষারোপ করা একেবারেই অসত্য। এই মামলায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই। প্রসঙ্গত, দুর্নীতির মামলায় দন্ডিত হয়ে খালেদা জিয়া এখন কারাবন্দী। গতকাল তার বন্দী থাকার এক বছর পূর্ণ হয়েছে। দুটি মামলায় ১৭ বছর দন্ডিত হয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন ছাত্রসংগঠন ছাত্রলীগের প্যানেল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রতিপক্ষরা যদি একটি জোট করতে চায়, এখানে আমাদের একটি জোটের কথা ভাবতে হবে। সমীকরণটা হবে মেরুকরণটা কীভাবে হচ্ছে, সেটা দেখে। প্রতিপক্ষের বিষয়টি মাথায় রেখে আমাদের চিন্তাভাবনা আছে।
তিনি আরো বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে চারজন নেতাকে দায়িত্ব দিয়েছি। তাঁরা ক্যাম্পাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমরা এই নির্বাচনকে সিরিয়াসলি নিয়েছি। গণতান্ত্রিকভাবে জয়লাভ করব বলে আশা করছি।
‘অযাচিত উপদেশ দিয়ে বিএনপি উপদেষ্টা হতে চাচ্ছেন ওবায়দুল কাদের’ মর্মে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। ওনার (রিজভীর) কথার জবাব দেওয়ার ইচ্ছা আমার নেই। তিনি বলেন, আইনিভাবে বা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে না পারা বিএনপির দায়। আওয়ামী লীগ সরকার কোনোভাবেই এখানে জড়িত নয়। আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বুদ্ধিজীবীদের ভাষায় বিএনপি এখন হাঁটু ভাঙা দল। নির্বাচনে পরাজয়ের পর তারা যেভাবে প্রলাপ বকছে তাতে মনে হয় ওনাদের মাথা বিগড়ে গেছে। বিএনপির আন্দোলন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন কোনো ইস্যুতে আন্দোলনের ডাক দিলে জনগণের কোনো সাড়া পাবে না। কারণ দুর্নীতি আর সন্ত্রাসের জন্য দেশে-বিদেশে তারা ইমেজ সংকটে রয়েছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
