রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি শহরে যৌথবাহিনীর পৃথক অভিযানে আঞ্চলিক দল জেএসএস ও ইউপিডিএফ’র মূল দলগুলোর সশস্ত্র শাখার সক্রিয় দুই সদস্য ও একজন চাঁদা কালেক্টরকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার শহরের বনরূপা থেকে দু’জন ও নানিয়ারচর উপজেলা থেকে একজনকে আটক করা হয় বলে নিরাপত্তা বাহিনী ও কোতয়ালী থানা পুলিশ নিশ্চিত করেছে।
কোতয়ালী থানার এসআই মোবারক হোসেন জানান, বনরূপা ডায়াগনস্টিক সেন্টারের নীচ থেকে সুপ্রকাশ চাকমা (৫২) ও সুচিত রঞ্জন চাকমা (৪০) নামে দুই জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেলের ৭ রাউন্ড গুলিসহ নগদ ৬ হাজার ২৫৬ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফের এক চাঁদাবাজকে চাঁদা আদায়ের টাকাসহ আটক করে রাঙ্গামাটির নানিয়ারচর থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে যৌথবাহিনী। তার নাম বিমান খীসা ওরফে অনিমেষ খীসা (৩৯)। থানা পুলিশ জানিয়েছে, তিনি তার সংগঠনের নামে স্থানীয় ব্যবসায়ী ও এলাবাসীর কাছ থেকে অস্ত্রের হুমকি দিয়ে চাঁদা আদায় করে আসছেন দীর্ঘদিন থেকে। আটকের সময় ১২ হাজার ৩৪৫ টাকা, ইউপিডিএফ মূলদলের চাঁদা আদায়ের হিসাবের বই, চাঁদার রশিদ বই তিনটি ও জাতীয় পরিচয়পত্র জব্দ করে যৌথবাহিনী।
