ডা. আখলাকুল হোসাইন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২১:৫০

সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক ডা. আখলাকুল হোসাইন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষ্যে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় মরহুমের নিজ বাড়িতে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। ট্রাস্টের সম্পাদক আকিকুন্নেছা চৌধুরীর দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ডা. আখলাকুল হোসাইন ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার মহেষখলা ইয়থ ক্যাম্পের ইনচার্জ হিসেবে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। পাশাপাশি ময়মনসিংহ নর্থ ইস্ট জোন-২ এর অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। স্বাধীনতার পর সংবিধান প্রণয়নে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন। মরহুম আখলাকুল হোসাইন আহমেদের ছেলে বিচারপতি ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি। অপর ছেলে সাজ্জাদুল হাসান বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব। অপর ছেলে সাইফুল হাসান গ্রামীণ ফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা।