৮৬৮ কেজি খাতসহ গ্রেফতার ৫০

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:১৫

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৮৬৮ কেজি খাত, ২৯ হাজার ৬১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউজ (ডিসিএইচ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পৃথকভাবে এ অভিযানে অংশ নেয়।

ডিসিএইচর অতিরিক্ত কমিশনার অথেলো চৌধুরী জানান, শুক্রবার রাতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে (এআই-২৩০) ৪৯ কার্টন ভর্তি পণ্য আসে। পরে বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তরে অবস্থিত ফরেইন পোস্ট অফিস থেকে কার্টনগুলো জব্দ করা হয়। গতকাল দুপুরে কার্টনগুলো খোলা হলে ৮৬৮ কেজি খাত পাওয়া যায়। পরে তা ডিএনসির কাছে হস্তান্তর করা হয়েছে। এটি সম্প্রতি সময়ে শাহজালাল বিমানবন্দর থেকে জব্দকৃত ৭ম চালান। চালানটি আফ্রিকা থেকে ভারত হয়ে বাংলাদেশে আসে। রপ্তানিকারক প্রতিষ্ঠান তেসফায়ে আসিফা, আদ্দিস আবাবা, ইথিওপিয়া। আমদানিকারক প্রতিষ্ঠান এশা এন্টারপ্রাইজ, হাউস নং-২৮, রোড-২, ব্লক-বি, বাদলদী, তুরাগ, ঢাকা-১২৩০।

ডিএসসির সহকারী পরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) খোরশিদ আলম জানান, গতকাল মিরপুর, বাড্ডা, ভাটারা, খিলক্ষেত ও বিমানবন্দর এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মাকসুদুর রহমান মাসুম ওরফে জামাই মাসুম, নিজাম উদ্দিন, শাকিল ও মাসুদ। এ সময় তাদের কাছ থেকে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৩ বোতল ফেন্সিডিল ও ২০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

এদিকে, ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১ হাজার ৮১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৮৯ গ্রাম ১০৭৩ পুরিয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা ও ৪৩২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৩৪টি মামলা করা হয়েছে।