মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বেলুয়ার খাসিপঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন পানগাছ কেটে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ গতকাল এক বিবৃতিতে এ উদ্বেগ জানান। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন নেতৃবৃন্দ।
বিবৃতিতে বলা হয়, গত ২৬ আগস্ট রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বেলুয়ার খাসিপঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন পানগাছ কেটে ফেলা হয়েছে। ২৫ একর জমির পানজুমের ২ হাজার ৮০০ পানগাছ হারিয়ে এখন নিস্ব পাঁচটি খাসিয়া পরিবার। সামাজিক বনায়নের নামে কথিত উপকারভোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে খাসিয়াদের অভিযোগ। এতে তাদের ১৮ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে।
ঐ ঘটনায় বেলুয়া পুঞ্জির হেডম্যান হেনরী তালাং আটজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেছেন। এতে অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এই আসামিরা সবক’টি টিলার পানজুমের ভূমি সামাজিক বনায়নের দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে কথা বললে খাসিয়াদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাদের হুমকিতে পুঞ্জিবাসীরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
বংশপরম্পরায় পান চাষ করে খাসিয়া জনগোষ্ঠী জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু সামাজিক বনায়নের নামে পানজুম ধ্বংস করে খাসিয়া জনগোষ্ঠীকে উচ্ছেদের অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। এর আগেও কুলাউড়ার বিভিন্ন পুঞ্জিতে এমনভাবে পানগাছ কেটে খাসিয়াদের জীবিকায় আঘাত হানা হয়েছিল।
বিবৃতিতে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা ও উপযুক্ত ক্ষতিপূরণ, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ।
