বরিশালে সাইবার অপরাধী আটক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১০

বরিশাল অফিস

সাইবার অপরাধী নিয়াজ মোহাম্মদকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) গোয়েন্দা পুলিশ। পুলিশের একটি টিম গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর কাশীপুর বাজার সংলগ্ন রনি ভিলা থেকে তাকে আটক করে। নিয়াজ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচারসহ বরিশালের প্রশাসন, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে সাইবার অপরাধ চালিয়ে যাচ্ছিলেন।

গোয়েন্দা পুলিশের তথ্যমতে, নিয়াজ মোহাম্মদ নগরীর কাশীপুর বাজারের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসংখ্য আইডি ব্যবহার করে সমাজের উচ্চ শ্রেণি থেকে শুরু করে সাধারণ মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিলেন। সরকারকে বিভ্রান্তিতে ফেলতে রাষ্ট্রদ্রোহী তথ্য পরিবেশনও করতেন। পুলিশের ধারণা, কথিত সাংবাদিক নিয়াজ মোহাম্মদের সঙ্গে মৌলবাদী সংগঠনের সদস্যদের যোগসাজশ থাকতে পারে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র  মুখপাত্র সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক বলেন, সম্প্রতি নিয়াজ মোহাম্মদের ফেসবুক পেজ ও পত্রিকায় সরকারবিরোধী লেখা প্রকাশিত হওয়ায় তাকে আটক করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।