নবাবগঞ্জে প্রতিপক্ষের টর্চ লাইটের আঘাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৩

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের দীঘিরপাড় খালপাড় এলাকায় প্রতিপক্ষের টর্চ লাইটের আঘাতে শেখ মোঃ হাফিজ (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত বাসিরকে (৫০) আটক করে থানায় নিয়ে যায়। নিহত হাফিজ ঐ গ্রামের শেখ আব্দুল হালিমের ছেলে। সে কৃষিকাজ করতো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে দীঘিরপাড় খালপাড় এলাকায় ইরি প্রজেক্টে জমিতে পানি দেওয়া নিয়ে একই গ্রামের বাসিরের (৫০) সাথে হাফিজের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে বাসির হাতে থাকা টর্চ লাইট দিয়ে হাফিজের মাথায় আঘাত করে। এ সময় হাফিজ মাটিতে লুটিয়ে পড়ে এবং চিত্কার দেয়। তার চিত্কারে এলাকাবাসী এগিয়ে এসে আহত হাফিজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়। শুক্রবার সকাল ৮ টার দিকে ইরি প্রজেক্টে হাফিজ তার জমি দেখতে গিয়ে  মাথা ঘুরে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে হাফিজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। পরে এ ঘটনায় বাসিরকে আটক করে থানা পুলিশ।

নবাবগঞ্জ থানার এসআই আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটককৃত বাসির টর্চ লাইট দিয়ে হাফিজের মাথায় আঘাতের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন।