ইত্তেফাক রিপোর্ট
সাভারে আবার পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রানা (৪০) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। আটক রানা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার দক্ষিণপাড়া গ্রামের মৃত আতিয়ার হোসেনের ছেলে। সে সাভারের কাতলাপুর এলাকায় ভাড়া থাকে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার এসআই শেখ তারিকুল ইসলাম বলেন, বিকালে বখাটে রানা ব্যাংক কলোনী ছাপড়া মসজিদের পাশে একটি বাসায় প্রবেশ করে। এ সময় সেখানে কেউ না থাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিত্কারে আশপাশের লোকজন এসে লম্পট রানাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক রানা মাদকাসক্ত হয়ে এ ধরনের কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
