লুথার কিংয়ের ছেলের নেতৃত্বে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভের আয়োজন

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০০:২২

মার্টিন লুথার কিং জুনিয়র ওয়াশিংটনের সেই ঐতিহাসিক বিক্ষোভের প্রায় ৫৮ বছর পর ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ভোটাধিকার সুরক্ষার দাবিতে আরেকটি বড় ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এই বিক্ষোভ হবে বলে ঘোষণা দেয়া হয়। বলা হয়, এতে নেতৃত্ব দেবেন লুথার কিংয়ের ছেলে তৃতীয় মার্টিন লুথার কিং। এর বাইরে অংশ নেবেন আর্নড্রিয়া ওয়াটার্স কিং এবং রেভ আল শার্পটনসহ নাগরিক অধিকার নেতারা। তারা ওয়াশিংটন, হিউস্টন, মিয়ামি, ফিনিক্স ছাড়াও ৪০ টি শহরে মিছিলের নেতৃত্ব দেবেন। তারা বলেন, ধারণা করা হচ্ছে করোনা পরিস্থিতির মধ্যেও আনুমানিক ৫০ হাজারের বেশি মানুষ মিছিলে যোগ দেবে।

মূল আয়োজকদের মধ্যে রয়েছে নাগরিক অধিকার গোষ্ঠী মার্চ অন, ড্রাম মেজর ইনস্টিটিউট, ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক, দ্য ফিউচার কোয়ালিশন, সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ইত্যাদি। এর বাইরে আরো অন্তত ২০০ সংগঠন পদযাত্রায় অংশ নেবে।  বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার, বর্ণবাদ দূরীকরণ, ভোটার আইন সংস্কারসহ বেশি কিছু দাবি জানাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। গত বছরও তৃতীয় মার্টিন লুথার কিং আরেকটি বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। তখন পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে আন্দোলন চলছিল। সেই বিক্ষোভেও তারা ভোটের অধিকার নিশ্চিতের জন্য আইন দাবি করে।

আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এটা কঠোর দুঃখজনক যে ২০২১ সালে এসেও আমাদের সম ভোটাধিকার ও নাগরিক অধিকারের দাবিতে বিক্ষোভ করতে হচ্ছে। আমরা চাই এই অবস্থার পরিবর্তন হোক। -ইউএসএটুডে