৫৪ মিনিটে ভারতের ৭ উইকেট নেই, ক্ষেপেছেন গাভাস্কার

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৮:০৪

সদ্য সমাপ্ত হেডিংলি টেস্টে বড় ধরনের লজ্জার মুখোমুখি হয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ইংলিশ বোলারদের তোপে টিকতেই পারেননি রোহিত-কোহলিরা। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ দিকে মাত্র ৫৪ মিনিটেই সাত উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জাবরণ করে ভারত। সেটিই মানতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।

অধিনায়ক জো রুটের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে দলীয় প্রথম ইনিংসে ৪৩২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এতে ৩৫৪ রানের লিড পায় তারা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় সফরকারীরা। এরপর রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা সেটি সামলে বড় ইনিংসের ইঙ্গিত দেন। কিন্তু দলীয় ১১৬ রানের মাথায় ব্যক্তিগত ৫৯ রান করে বিদায় নেন রোহিত। এরপর দীর্ঘদিন রানখড়ায় ভুগতে থাকা পূজারা ও বিরাট কোহলি দলের হাল ধরেন। তাদের দৃঢ়তায় ম্যাচের তৃতীয় দিন পার করতে সক্ষম হয় ভারত। কিন্তু চতুর্থ দিন সকালেই দাবার গুটি উল্টে যায়।

No description available.

দারুণ খেলতে থাকা পূজারা ব্যক্তিগত ৯১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। এর কিছুক্ষণ পরই দলীয় ২৩৭ রানের সময় ব্যক্তিগত ৫৫ রান করে আউট হন অধিনায়ক কোহলি। পরবর্তী ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যেই থেকেছেন। মাত্র ২৭৮ রানেই গুটিয়ে যায় তারকাসমৃদ্ধ দলটি। ফলে ইনিংস ও ৭৬ রানে জয় পায় ইংলিশরা।

চতুর্থ দিনে মাত্র ১৯ ওভারেই ভারতীয় ব্যাটসম্যানরা এমন অসহায় আত্মসমর্পণ করায় ক্ষেপেছেন সুনীল গাভাস্কার। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে, লর্ডস টেস্টে ভারতের ঐতিহাসিক জয়টা ইংলিশদের ভুলের কারণেই এসেছে।

সুনীল গাভাস্কার বলেন, ‘লর্ডসে প্রতিপক্ষের ভুল সিদ্ধান্তের জন্যই আমরা ম্যাচে ফিরে আসি। কিন্তু হেডিংলিতে মাত্র ৫৪ মিনিটে সাত উইকেট হারানোর ঘটনা মানতে পারছি না। সত্যিই এই বিপর্যয় ভাবা যাচ্ছে না।’

ইত্তেফাক/টিএ