‘জিয়াউর রহমান ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে মেধাবীদের বিপথগামী করেছিলেন’

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২০:১১

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, সামরিক শাসক জিয়াউর রহমান বাংলাদেশের ছাত্ররাজনীতিতে অস্ত্রের প্রবর্তন করেছিলেন। তিনি ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে এ দেশের সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীদের বিপথগামী করে তোলেন। 

তিনি আজ রবিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগ, ডুয়েট শাখা কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের এক ভার্চুয়াল   আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠনের পর ছাত্ররাজনীতিতে এক নবযুগের সূচনা করেন। তিনি ছাত্রদের হাতে অস্ত্রের বদলে কলম তুলে দিয়েছেন।  

প্রতিমন্ত্রী বলেন, বাংলা ও বাঙালির স্বাধীনতা-স্বাধিকার অর্জনের লক্ষ্যে  ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সংগঠনটির এ দীর্ঘ পথচলায় রয়েছে দেশ ও জাতির জন্য গৌরবময় অসংখ্য অর্জন। সমৃদ্ধ সেসব অর্জন জাতিকে দিয়েছে নতুন পথের ঠিকানা। স্বাধীনতা শব্দটি আমাদের যেভাবে হলো, সে শব্দ প্রাপ্তিতে সংগঠনটির অবদান ইতিহাসের পাতায় স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। 

                    No description available.

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা উল্লেখ করে জাহিদ আহসান রাসেল বলেন, জেল-জুলুম আর অত্যাচার-নির্যাতনে বঙ্গবন্ধুর জীবন ছিল জর্জরিত। তার যৌবনের ১৩টি বছর কেটেছে পাকিস্তান কারাগারে। ১৯৬৯ সালে ২১ দফা আন্দোলনের ভিত্তিতে গণঅভ্যুত্থানের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি পাকিস্তান জেল থেকে মুক্তি পান শেখ মুজিবুর রহমান। ২৩ ফেব্রুয়ারি তৎকালীন ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতাস্বরূপ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। বঙ্গবন্ধুর জীবন কর্মের সঙ্গে তাই ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত। 

প্রতিমন্ত্রী এসময়ে বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশ ও মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান। 

অনুষ্ঠানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বক্তব্য রাখেন। 

ইত্তেফাক/এসআই