বাজারদর

ফার্মের মুরগি কেজিতে বাড়ল ১৫ টাকা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৮

ইত্তেফাক রিপোর্ট

মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে ফার্মের মুরগির দাম বেড়েছে প্রতি কেজিতে ১৫ টাকা। তবে কমেছে ডিমের দাম। এ ছাড়া সবজির দাম স্থিতিশীল রয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর কাওরান বাজার ও শান্তিনগর বাজারসহ কয়েকটি খুচরা বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন নিত্যপণ্যের দামের এ চিত্র পাওয়া যায়।

গতকাল ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয় ১৪০ থেকে ১৫০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১২৫ থেকে ১৩৫ টাকা। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবেও দাম বাড়ার এ চিত্র তুলে ধরা হয়েছে। কাওরান বাজারের মুরগি ব্যবসায়ী আনসারি বলেন, শীত মৌসুমের শেষ দিকে এসে রাজধানীতে অনুষ্ঠানের পরিমাণ বেড়েছে। ফলে হঠাত্ করেই চাহিদা বেড়েছে মুরগির। এ জন্য দাম বেড়েছে।

তবে প্রতি হালি ফার্মের ডিমে ২ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা। এ ছাড়া বিভিন্ন ধরনের সবজির মধ্যে নতুন আলু ২০ থেকে ২৫ টাকা, বরবটি ৩৫ থেকে ৪০ টাকা, করল্লা ৩০ থেকে ৪০ টাকা, লতি ৩৫ থেকে ৪০ টাকা, গাজর ২০ থেকে ২৫ টাকা কেজি, শিম ২০ থেকে ৩০, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, টমেটো ২০ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২৫ টাকা। এ ছাড়া দেশি পিঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা, আমদানিকৃত পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা। দেশি রসুন ৬০ থেকে ৮০ টাকা কেজি, আমদানি রসুন ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।