রাবি ছাত্রলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১০

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ নেতাসহ চার জনের বিরুদ্ধে এক শিক্ষার্থীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগী ইমরান হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। অপরদিকে অভিযুক্তরা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, সহ-সম্পাদক আরমান কায়সার আবির, সফি ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আল ওয়াসী জীম।

ভুক্তভোগী ইমরান বলেন, গত সোমবার সন্ধ্যায় আবির, জীম ও সফি আমাকে বৃত্তের সঙ্গে দেখা করতে ডেকে নিয়ে আসে। এরপর আমাকে মাদক ব্যবসায়ী ও ছাত্রদল কর্মী আখ্যা দিয়ে বিশ হাজার টাকা দাবি করে বৃত্ত। টাকা না দিলে মারধর ও পুলিশে দেওয়া হবে বলে হুমকি দেয়। পরে সেখান থেকে চলে আসার পর সফি, আবির, জীম ও বৃত্ত টাকা দেওয়ার জন্য বারবার চাপ দেয়। একপর্যায়ে আমি দুই হাজার টাকা বিকাশ করে পাঠাই। বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃত্ত আমাকে মারধর করে। পরে কয়েকজন বন্ধুর কাছ থেকে ধার নিয়ে দশ হাজার টাকা বৃত্তকে দেই।

তবে বিষয়টি অস্বীকার করে অভিযুক্তরা বলেন, ইমরানের সঙ্গে তার এক বন্ধুর ঝামেলা হয়েছিল। সেই ঝামেলা মীমাংসা করার জন্য ইমরানকে ডেকে কথা বলা হয়েছে কিন্তু মারধর ও চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।

জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সবার সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হবে।’