ইত্তেফাক রিপোর্ট
বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের ছাত্রদের নেতৃত্বদানকারী সংগঠন অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের (ছাত্র সংসদ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আনিশা ফারুক। অক্সফোর্ডের ইতিহাসে আনিশা ফারুক প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী যিনি সভাপতি নির্বাচিত হলেন। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আনিশা ফারুক শুধু বাংলাদেশ নয় এশিয়ান বংশোদ্ভূত দ্বিতীয় শিক্ষার্থী যিনি এই গৌরব অর্জন করলেন।
তিন দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে ১৫২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনিশা ফারুক। সর্বমোট ৪৭৯২ ভোট পেয়ে জয়ী হন তিনি।
এর আগে আনিশা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেবার ক্লাবের কো-চেয়ার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ‘টিচ অ্যা চাইল্ড-আফ্রিকার’ ট্রাস্টি বোর্ড সদস্য। নানা সেবামূলক কাজের সঙ্গেও সম্পৃক্ত তিনি।
আনিশার বাবার নাম ফারুক আহমেদ। তিনি একজন অবসরপ্রাপ্ত মেজর। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। মেজর ফারুক আহামেদ ও রেহানা চৌধুরীর এক ছেলে ও এক মেয়ের মধ্যে প্রথম সন্তান আনিশা ফারুক আরেক সন্তান জবরান ফারুক এ লেভেলে পড়ছে।
মেয়ের এই সাফল্যে ফারুক আহমেদ বলেন, আনিশা শুধু পরিবারের মুখ উজ্জ্বল করেনি, সে বাংলাদেশের মুখও উজ্জ্বল করেছে। মেয়ের জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।
