ধর্ষণ চেষ্টাকারীকে কুপিয়ে নিজেকে রক্ষা করলেন এক নারী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১২

g নোয়াখালী প্রতিনিধি

ধর্ষণের চেষ্টাকারীকে দা দিয়ে কুপিয়ে নিজেকে রক্ষা করলেন দুই সন্তানের জননী (৩০) এক সাহসী নারী। বৃহস্পতিবার রাতে জেলার কবিরহাট উপজেলার ধান শালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে আহত ধর্ষণচেষ্টাকারী মোঃ মানিককে (৩৫) একটি  হাসপাতাল থেকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের  আবদুল হাইয়ের ছেলে। বিকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।

ঘটনার সত্যতা  নিশ্চিত করে কবিরহাট থানার ওসি  মির্জা মোহাম্মদ হাছান জানান, ঘটনার শিকার ওই নারীর স্বামী একজন ট্রাকচালক। সে চট্টগ্রামে থাকে। স্বামীর সঙ্গে তার কিছুদিন ধরে মনোমালিন্য  চলছিল। এ সুযোগ  নিয়ে স্বামীর বন্ধু ওই গ্রামের মানিক তাবিজের মাধ্যমে দুজনের মধ্যে মিলমিশ করে দেওয়ার কথা বললে ওই নারী রাজি হন।  বৃহস্পতিবার সন্ধ্যার পর  মানিক তাবিজ নিয়ে ওই নারীর বাড়িতে যায় এবং ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই নারী নিজকে রক্ষা করতে মানিকের  চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দা দিয়ে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় মানিক দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী নারী  মানিকের বিরুদ্ধে থানায় এসে মামলা করেন। গতকাল বসুরহাটের একটি হাসপাতাল থেকে মানিককে  গ্রেফতার করে বিকালে আদালতে হাজির করা  হয়।