g ইত্তেফাক রিপোর্ট
কাদিয়ানীদের ইজতেমা বন্ধ ও অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কয়েকটি ইসলামি দল। সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ পঞ্চগড়ে ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি কাদিয়ানীদের ইজতেমা বন্ধের দাবি জানিয়ে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
মানববন্ধনে সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ সভাপতি মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব বলেন, পঞ্চগড়ে আসন্ন ২২-২৪ ফেব্রুয়ারি কাদিয়ানী সম্প্রদায়ের সম্মেলনকে ইজতেমা হিসেবে পালন করতে পারবে না।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। তারা মসজিদ ব্যবহার করতে পারবে না। মুসলমানদের যে ধর্মীয় কাজ এগুলো তারা ব্যবহার করতে পারবে না।
অনতিবিলম্বে তাদের এই ইজতেমা যদি বন্ধ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট’র মহাসচিব মাওলানা আলহাজ নাজমুল হক প্রমুখ। এদিকে পঞ্চগড়ে ইজতেমার নামে কাদিয়ানীদের তত্পরতা বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন হেফাজতের আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
গতকাল এক বিবৃতিতে বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জোর দাবি জানিয়ে হেফাজত আমির বলেন, কাদিয়ানীরা অমুসলিম হওয়া সত্ত্বেও ‘আহমদীয়া মুসলিম জামাত’ নামে নিজেদের মুসলমান বলে বিশ্বনবীর খতমে নবুয়তকে পদদলিত করে যাচ্ছে। ঈমানি চেতনায় যে কোনো প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র নস্যাত্ হয়ে যাবে বলেও উল্লেখ করেন আল্লামা শফী।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ গতকাল এক বিবৃতিতে একই দাবি জানান।
পঞ্চগড় প্রতিনিধি জানান, গতকাল আহমদীয়া মুসলিম জামাতকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ তাদের তত্পরতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পঞ্চগড় সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ।
