বরিশালে ইউএনও ও পুলিশের মামলা
বরিশাল অফিস
বরিশাল সদর উপজেলার আলোচিত ঘটনায় ইউএনও এবং পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের আরও ১২জন নেতাকর্মীর জামিন আবেদন করা হয়েছে। কারান্তরীণ আসামিদের পক্ষে গতকাল রবিবার সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। বিচারক মো. আনিসুর রহমান জামিন আবেদন গ্রহন করে আগামী ২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন। এর আগে বৃহস্পতিবার এই দুই মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৯ নেতাকর্মী জামিন পান।
গত ১৮ আগস্টের ঘটনায় পরদিন ইউএনও মো. মুনিবুর রহমান এবং কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক বাদী হয়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস সহ ১১৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামাসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ২৩জনকে গ্রেফতার করে। যার মধ্যে চোখে গুলিবিদ্ধ অবস্থায় ২ জন ঢাকায় চিকিত্সাধীন রয়েছেন। বরিশাল কারাগারে থাকা ২১ জনের মধ্যে এর আগে জামিন পেয়েছেন ৯ জন।
