বিজেপিবিরোধী ঐক্য গঠনে অন্য দলের মুখ্যমন্ত্রীদের জোট চান মমতা ব্যানার্জি

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২৩:১৮

ভারতের আগামী লোকসভা নির্বাচনের আগে জাতীয় পর্যায়ে বিজেপিবিরোধী ঐক্য গঠনে আরো সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতের বিভিন্ন রাজ্যের বিজেপি বাদে অন্য দলসমূহের মুখ্যমন্ত্রীদের একজোট করার প্রস্তাব দিয়েছেন তিনি। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শনিবার এই প্রস্তাব দিয়েছেন মমতা।

খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর ভারতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক গুরুত্ব বেড়েছে। এই প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ে বিজেপি বিরোধী ঐক্য নিয়ে সক্রিয় মমতা। জোট গঠনের লক্ষ্যে দিল্লিতে গত মাসে যে বৈঠক হয়েছে, তার প্রস্তাবও তিনি দিয়েছিলেন। সেই প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে নিতে শনিবার তিনি বলেন, দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হচ্ছে। আমি সব মুখ্যমন্ত্রীকে (বিজেপির বাইরে) নিয়ে বৈঠক ডাকতে চাই। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও প্রতিহিংসা নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের অভিজ্ঞতাও একই রকম বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রে এখন গুলি আর গালির সরকার।  এদিকে মুখ্যমন্ত্রীদের নিয়ে জোট গঠনের এই উদ্যোগ নিয়ে তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছে বিজেপি। দলের পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী তো দিল্লি গেলেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাড়িতে চা-ও খেয়েছিলেন। এত বার বার্তা দিচ্ছেন অথচ তার ডাকে কেউ সাড়া দিচ্ছেন না কেন? তার মানে কারও কাছেই তার গ্রহণযোগ্যতা নেই। যদিও মমতার এই প্রস্তাবে সমর্থন দিয়েছে সিপিএম।