বুধবার আসছে ফাইজারের ১০ লাখ টিকা

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৪:৫০

পূর্ব ঘোষণা থাকলেও আজ আসছে না যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা। সোমবার (৩০ আগস্ট) দুপুরে ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান।

তিনি জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে টিকার চালান নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিলো। তবে বিশেষ কারণে তা আজ আসছে না। আগামী ১ সেপ্টেম্বর বিকেলে টিকার এ চালান ঢাকায় পৌঁছাবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ইত্তেফাক অনলাইনকে আজ টিকা আসার বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ সময় জানানো হয়, টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আর. মিলার।

ফাইজারের টিকা: সংরক্ষণ-বিতরণ কীভাবে

এর আগের দিন অর্থাৎ গত সোমবার (২৩ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ ভ্যাকসিনের অংশ হিসেবেই ৩০ আগস্ট এই ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। ক্রমান্বয়ে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের টিকা সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছাবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা পায় বাংলাদেশ। ওই টিকাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচডি