নারী উদ্যোক্তা সংগঠন ইউইএ’র এজিএম অনুষ্ঠিত

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২০:৪১

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে আজ থেকে ২৭ বছর আগে রোকিয়া এ রহমান কয়েকজন নারী উদ্যোক্তাকে নিয়ে ‘ইউইএ’ গঠন করেছিলেন। বর্তমানে এই সংগঠনে প্রায় ১০০ জন উদ্যোক্তা রয়েছেন। সম্প্রতি সংগঠনটির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট টুটলি রহমান বলেন, ‘মারাত্মক মহামারি কোভিড-১৯ সত্ত্বেও ইউইএ-তে আমরা ইতিবাচক রয়েছি। করোনার নিয়ম মেনে আমরা অনলাইন মিটিং, ওয়েবিনার, সেমিনার এবং পণ্য বিক্রয় করছি। এ বছর আমাদের মূল উদ্দেশ্য হলো একটি ওয়েবসাইট তৈরি করা—যেন আমাদের উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রি করতে পারেন। আমরা SHE’র জন্য অনলাইন পেজের নাম দিয়েছি WEA for SHE। WEA’র জন্য এটি একটি বড় ধাপ হবে। কারণ আমাদের এখনই নতুন নিয়মের পাশাপাশি সম্পূর্ণরূপে ডিজিটাল হঠে ওঠা প্রয়োজন।’