নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেনকে টাঙ্গাইলে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) তার শেষ কর্মদিবস। তাই গতকাল সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানালেন আড়াইহাজার উপজেলার খাসেরকান্দী আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা। আশ্রয়ণ কেন্দ্রটি বঙ্গবন্ধু পল্লী হিসেবে পরিচিত।
সোহাগ হোসেনের বিদায়ে অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা। এই সময় আশ্রয়ণ প্রকল্পর নারী-পুরুষের মাঝে কান্নার রোল পড়ে যায়।তারা ইউএনও সোহাগ হোসেনকে চারদিক থেকে এমনভাবে ঘিরে ফেলেন যেন তাকে যেতে দিতে চাচ্ছেন না। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেনকে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই আশ্রয়ণ প্রকল্পের শিশুরা জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর কান্না জড়িত কন্ঠে একে একে বক্তব্য রাখেন।

আশ্রয়কেন্দ্রের দলনেতা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ আমান, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক, উপজেলা তরুণ লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান হাসান, মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সবুজ মোল্লা, শ্রমিকলীগ নেতা শাহপরান, ছাত্রলীগ নেতা আপন শিকারী, শ্রমিকলীগ নেতা নাজমুল হাসান জুয়েল, যুবলীগ নেতা মামুন খান বাতু, সাবেক ছাত্রলীগ নেতা সোহান শিকারী, উপজেলা শেখ রাসেল নেতা সাইদুল ইসলাম সাকু, তরুনলীগ নেতা ছগির আহমেদ ও সাবেক ছাত্রনেতা সোহাগ সোহাগ হোসেন প্রমুখ।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেনের নেতৃত্বে মাহমুদপুর ইউনিয়নে খাসেরকান্দীতে ৪০টি পরিবারকে থাকার জন্য আশ্রয়ণ প্রকল্পে বরাদ্ধ দেওয়া হয়। এরপর থেকে তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অভিভাবকের মতো দেখা শুনে করে আসছিলেন।

সোহাগ হোসেন পরপর দুই বার নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। সোহাগ হোসেনের নেতৃত্বে জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে সারাদেশে প্রথম হয় আড়াইহাজার উপজেলা। তিনি প্রায় আড়াই বছর আড়াইহাজার উপজেলায় সুনামের সঙ্গে কর্মরত ছিলেন। এর আগে, তাকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিদায়ী সংবর্ধনা প্রদান করে।
ইত্তেফাক/কেকে
