বিট ইনস্টিটিউটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র নাঈম ইসলাম (২০) নারীঘটিত কারণেই খুন হয়েছে বলে পুলিশের ধারণা। তবে পতিতা না প্রেমিকা নিয়ে বন্ধুদের মধ্যে দ্বন্দ্বে নাঈম খুন হয়েছে পুলিশ স্পষ্ট করতে পারেনি। এই মামলার পাঁচ আসামিকে কোর্টে পাঠানো হয়েছে।
নাঈম হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে তার মা নাজমা বেগম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে নাঈম খুন হওয়ার পর তার খোয়া যাওয়া বগুড়া-ল ১২-০৯৩৬ নম্বরের এ্যাপাচি মোটরসাইকেল গতকাল শনিবার পুলিশ উদ্ধার করে। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আল আমিন জানান, সকালে সদর ইউনিয়নের একজন জনপ্রতিনিধি রামকৃষ্ণপুর গ্রামে একটি ক্ষেতে ওই মোটর সাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। আসামিদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলের ২০০ গজ দূর থেকে নাঈমের রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকালে এজাহারভুক্ত নাঈম হত্যার আসামি সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের কান্টু মোল্যার ছেলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন্ত শ্রাবণ বিষুসহ কয়েকজনকে একই গ্রামের আশিকুল ইসলাম ওরফে বেলাল মুন্সির ছেলে আতিকুর রহমান, সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা গ্রামের সাহাদত্ মেম্বারের ছেলে সিহাব বাবু, ধুনট উপজেলার গোলার তাইড় গ্রামের লুত্ফর রহমানের ছেলে মনিরুজ্জামান মনির,একই এলাকার চিকাশী ইউনিয়নের লিয়াকত আলীর ছেলে অন্তর মিয়াকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
