ঝালকাঠিতে গরু চুরি করতে গিয়ে কামাল মোল্লা (৪০) নামের এক ব্যক্তি গণধোলাইয়ে নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে ঝালকাঠি সদর উপজেলাধীন দিয়াকুল-দেউরী গ্রামে ৮ ফেব্রুয়ারি ভোর রাতে। নিহত কামাল মোল্লা বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন পলাশপুরের বাসিন্দা রশিদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কামাল মোল্লাসহ ৩/৪ জন দেউরী এলাকায় তোফাজ্জেল মৃধার গোয়ালঘর থেকে গরু চুরি করছিল। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। তখন কামাল মোল্লা ধরা পড়লেও বাকি সবাই পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় গণধোলাইতে কামাল মোল্লা অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। তার মৃতদেহের পাশে পড়ে থাকা মোবাইল থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুনঃ গোপালগঞ্জে মোটরসাইকেল চাপায় নারী শ্রমিকের মৃত্যু
নিহত ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু

