জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও জাকিয়া বারী মম অভিনীত বেশ কয়েকটি ওয়েব সিরিজ এরইমধ্যে প্রচারিত হয়েছে। অনবদ্য অভিনয়ের জন্য এই দুই গুণী শিল্পী প্রশংসিতও হয়েছেন। তবে তারা দুজন প্রথম যে ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন, তা এখনো প্রচারে আসেনি। মোশাররফ করিম ও জাকিয়া বারী মম প্রথম একসঙ্গে ওয়েব সিরিজে অভিনয় করেন ‘ভালোবাসা’ নামক চার পর্বের একটি ওয়েব সিরিজে। তাদের দুজনেরই এটি প্রথম ওয়েব সিরিজ ছিল, এমনটাই জানালেন এই ওয়েব সিরিজের নির্মাতা আবু হায়াত মাহমুদ। চার পর্বের এই ওয়েব সিরিজটির গল্প রচনা করেছেন মুনতাহা বৃত্তা। ওয়েব সিরিজটি শিগগিরই প্রচারে আসবে, তবে কোন প্ল্যাটফর্মে প্রচারে আসবে তা এখনো চূড়ান্ত নয়। আবু হায়াত মাহমুদ জানান, ওয়েব সিরিজটিতে মোশাররফ করিম ও মম স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘ভালোবাসা শব্দটি শুনলেই বোঝা যায় আসলে গল্পটি কেমন হতে পারে, তাই গল্পটা বলছি না। আবু হায়াত মাহমুদ বেশ যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করে। ভালোবাসা ঠিক তেমনি ভালোবাসা দিয়ে যত্ন নিয়ে কাজটি করা। মম নিজের চরিত্রে প্রাণবন্ত অভিনয় করার চেষ্টা করেছে। মম নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ সবসময়ই বেশ চমত্কার হয়ে উঠে।’ মম বলেন, ‘সুন্দর একটি গল্প লেখার জন্য নাট্যকারকে ধন্যবাদ। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। আবু হায়াত মাহমুদের নির্দেশনায় আরো বেশ কয়েকটি কাজ করেছি আমি আর মোশাররফ ভাই। ভালোবাসা ওয়েব সিরিজটি আশা করছি দর্শকের ভালো লাগবে।’ আবু হায়াত মাহমুদ জানান, তার নির্দেশনায় মোশাররফ করিম ও মম ‘রেড অ্যালার্ট’, ‘স্বর্ণমানব’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। মোশাররফ করিম অভিনীত সবচেয়ে আলোচিত ও দর্শকপ্রিয় ওয়েব সিরিজ হলো ‘মহানগর’। এতেও মম অভিনয় করেছিলেন।
