এই প্রজন্মের নাটকের তরুণ-তরুণীদের মধ্যে ভালো ভালো গল্পে গুণী নির্মাতাদের নাটকে অভিনয় করে নাঈমা আলম মাহা নিজের একটি আলাদা অবস্থান সৃষ্টি করার চেষ্টা করছেন। বরিশালের মেয়ে মাহার ইচ্ছে ছিল ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার। অবশেষে তার সেই ইচ্ছে পূরণ হলো একটি সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে। অঞ্জন আইচ পরিচালিত ‘কানামাছি’ সিনেমায় সূচিত্রা চরিত্রে অভিনয় করেছেন মাহা। এরইমধ্যে আরো বেশ কয়েকদিন শুটিং বাকি। প্রথম সিনেমাতে অভিনয় প্রসঙ্গে মাহা বলেন, ‘কানামাছি একটি থ্রিলার কমেডি গল্পের সিনেমা। আমি এতে সূচিত্রা চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রটি খুব চমত্কার। গল্প এবং চরিত্র আমার ভীষণ ভালো লেগেছে বিধায় আমি কাজটি করেছি। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। আমার বিশ্বাস ঠিকঠাকভাবে সিনেমাটি শেষ হলে তা দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে।’ মাহা জানান, তার সঙ্গে সিনেমাতে আরো যারা অভিনয় করেছেন তাদের সঙ্গে সময়টা তিনি দারুণ কাটিয়েছেন। গত ঈদে তিনি সালাহ উদ্দিন লাভলুর ‘বায়ূচড়া’তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। এছাড়াও একই পরিচালকের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ও পাখি তোর যন্ত্রণা’তেও তিনি অভিনয় করেছেন। মাহার প্রিয় অভিনেত্রী নূসরাত ইমরোজ তিশা এবং প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মাহার বড় ভাই ইভান, ছোট বোন নূহা। তার বাবা আফতাব ই আলম এবং মা সেলিনা বেগম। মাহা জানান, এখনো তার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা হয়ে উঠেনি।
