সফল নারী প্রযোজক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩

বিজ্ঞাপন ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাফ স্টপ ডাউন’। প্রতিষ্ঠানটি ২০০১ সালে যাত্রা শুরু করে। তখন মেহেজাবিন রেজা চৌধুরী এইচএসসি শেষ করে বেসরকারি  বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টে অধ্যয়নরত। পাশাপাশি নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে  কাজ করতেন। সম্পর্কে তিনি মেহেজাবিন রেজা চৌধুরীর বড় ভাই। শুরুর দিনগুলোতে ‘হাফ স্টপ ডাউন’র সেই সময়ের আর্ট ডিরেক্টর রঞ্জন রব্বানীর সঙ্গে প্রপস মাস্টার হিসেবে কাজ করতেন। কর্মদক্ষতায় হয়ে ওঠেন প্রতিষ্ঠানের একনিষ্ঠ কর্মী। দুই বছর পর থেকে ‘হাফ স্টপ ডাউন’র নির্বাহী প্রযোজক হিসেবে কাজ শুরু করেন। অমিতাভ রেজা পরিচালিত সিনেমা ‘আয়নাবাজি’, ‘রিকশা গার্ল’র প্রযোজক মেহেজাবিন। অসংখ্য বিজ্ঞাপনের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করে সুনাম অর্জন করেছেন। এরইমধ্যে ‘হাফ স্টপ ডাউন’র বিশ বছর কেটে গেছে। এ সময়ে তিনি আরও ব্যস্ত একজন নির্বাহী প্রযোজক। মেহেজাবিন রেজা চৌধুরী একটু পেছনের গল্পে ফিরে গিয়ে বলেন, ‘আমার এখনো মনে পড়ে, ২০০১ সালে অমিতাভ ভাইয়ের সঙ্গে যখন কাজ শুরু করি তখনো টিভি, বিজ্ঞাপন কিংবা চলচ্চিত্রের কিছুই জানতাম না। তবে মাল্টিটাস্কার হয়ে কাজ শেখা শুরু করেছি। প্রথমে প্রপস, এরপর কাস্টিং, বাজেটসহ অনেক কাজই একসঙ্গে করতে হয়েছিল আমাকে। অনেক কিছু শেখার পরিবেশ তৈরি করে দিয়েছে ‘হাফ স্টপ ডাউন’। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সান্নিধ্যে দেশ-বিদেশের নানা চলচ্চিত্র উত্সবে যাওয়ার এবং সেখান থেকে নতুন কিছু শিখতে পারার সৌভাগ্য হয়েছে। এটা আমার কাছে একটা ইনস্টিটিউশন। এখান থেকে আমি, লাইন প্রডিউসার হিসেবে আসাদুজ্জামান সকাল, পরিচালক হিসেবে আশফাকুজ্জামান বিপুল, সাবরিনা আইরিন, কৃষনেন্দুসহ অনেকেই নিজের কর্মদক্ষতায় এখন নামকরা নির্মাতা। আমি হাফ স্টপ ডাউনের বাইরেও তিনটি প্রতিষ্ঠানে কাজ করছি।’ শোবিজের পেছনের মানুষ হলেও দেশের প্রতিটি নির্মাতা প্রতিষ্ঠান প্রযোজক হিসেবে মেহেজাবিন রেজা চৌধুরীকে একনামে চেনেন। শুধু দেশে নয়, সিনেমার প্রযোজক হিসেবে কাজ করার সুবাদে দেশের বাইরেও সুনাম অর্জন করছেন মেহেজাবিন রেজা চৌধুরী। ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘চরকির জন্য ‘মুন্সিগিরি’ নির্মাণ করেছেন অমিতাভ ভাই। এতে প্রযোজক হিসেবে কাজ করলাম। এছাড়া সামনে তিনজন নারী নির্মাতার গল্প নিয়ে প্রযোজনা করার ইচ্ছে রয়েছে।’