মনির খানের নিদয়া বন্ধুয়ারে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২০:১৪

২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিকটোয়েন্টিফোর’র যাত্রা শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত তার ইউটিউব চ্যানেলে রয়েছে শতাধিক গান। বলা যায়, ২০১৮ সাল থেকে নিজের চ্যানেল নিয়েই বেশি মনোযোগ মনির খানের। মনির খানের ভাষ্যমতে, আগের মতো অ্যালবামের গান বা সিনেমার গানে খুব বেশি ব্যস্ততা নেই বলে নিজের ইউটিউব চ্যানেলেই মনোযোগ দিয়েছেন। নিজের চ্যানেলে গান প্রকাশের ধারাবাহিকতায় আজ মনির খান প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান ‘নিদয়া বন্ধুয়ারে’। গানটি লিখেছেন মানিক চাঁন, সুর করেছেন শিমুল হাসান এবং সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন। গানটি প্রসঙ্গে মনির খান বলেন, ‘এটি সম্পর্কের টানাপোড়েনের গান। অনেকটাই ফোক ধাঁচের গান। এই ধরনের গান গাইতে আমি সবসময়ই ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার কাছে গানের কথা ও সুর ভীষণ ভালো লেগেছে। আশা করছি শ্রোতা-দর্শকেরও ভালো লাগবে।’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জীবন।’ মনির খান জানান, ২০১৮ সালে ‘ঘুম নেই দুটি চোখে’ গানটি প্রথম তার চ্যানেলে প্রকাশিত হয়। গানটি লিখেছেন লিটন শিকদার এবং সুর করেছেন মনির খান নিজেই। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তার চ্যানেলে শতাধিক গান প্রকাশিত হয়েছে। মনির খানের বাবা মাহবুব আলী খান এবং মা মোছাম্মত্ মনোয়োরা খাতুন। গাজী মাহবুব পরিচালিত আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে ‘প্রেমের তাজমহল’  সিনেমায় ‘এই বুকে বইছে যমুনা নিয়ে অথৈ প্রেমের জল’, তারই তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল’ গানটি গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এতে তার সহশিল্পী ছিলেন কনকচাঁপা। পরবর্তী সময়ে তিনি ‘লাল দরিয়া’, ‘দুই নয়নের আলো’ সিনেমায় প্লে-ব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।