বিয়েই তো করছি, কোনো ক্রাইম তো করিনি: অপূর্ব

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২০:১০

আবারো বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তৃতীয়বারের মতো বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। আজ (২ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হবে। সেখানে পরিবারের সদস্যরাসহ পাত্র-পাত্রীর নিকটজনরা উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে অপূর্ব জানান, তার হবু স্ত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া। জন্ম ও বেড়ে ওঠা আমেরিকাতেই। তাদের দুই পরিবারের সিদ্ধান্তেই বিয়ে হচ্ছে। তবে করোনার কারণে ইচ্ছে থাকলেও খুব বড় পরিসরে কোনো আয়োজন করছেন না তারা। খবরটি প্রকাশে আসতেই অপূর্বকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই সমালোচনা করছেন। শোবিজে এরইমধ্যে নানা কানাঘুষাও চলছে। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘ভাই, বিয়েই তো করছি, কোনো ক্রাইম তো করিনি। একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। এটা নিয়ে সমালোচনা বা কানাঘুষা কেন করা হচ্ছে, বুঝতে পারছি না। সবাই নতুন জীবনের জন্য দোয়া করবেন।’ কিন্তু নিজের বিয়ের খবর আগে থেকেই না জানানো প্রসঙ্গে অপূর্ব আরো বলেন, ‘লুকোচুরি করিনি। কারণ বিয়ে নিয়ে লুকোচুরির কিছু আছে বলে আমি মনে করি না। বিয়ে আমি করছি, এটা সত্যি। তবে সেটা গতকাল বা আজ নয়। আমরা বিয়ে করছি আগামীকাল (আজ)। বিয়ের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দেওয়ার পরিকল্পনা আমার ছিল। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হচ্ছে না। তারপরও ভেবেছিলাম, বিয়ের পরদিন ৩ সেপ্টেম্বর মিডিয়ার বন্ধুদের সঙ্গে বসে পুরো খবরটি আনুষ্ঠানিকভাবে জানাবো। কিন্তু তার আগেই কেউ বিয়েটা নিয়ে ভুল তথ্য দিয়ে ছড়িয়ে দিয়েছেন। অনেকেই বিয়ের বিষয়টি নিয়ে কানাঘুষা করছিল। তাই আর বিষয়টি চাপিয়ে রাখার আগ্রহ পাইনি।’

উল্লেখ্য, ২০১০ সালে অপূর্ব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে ২০১১ সালে ভেঙে যায়। এরপর ওই বছরই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। এই সংসারে আয়াশ নামে একটি পুত্র সন্তান রয়েছে তার। কিন্তু ২০২০ সালে অদিতির সঙ্গেও সংসারের ইতি টানেন এই অভিনেতা।