বরিশাল অফিস
করোনাকালীন ফি মওকুফের দাবি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। তারা এজন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদনও করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও কিছু কিছু খাতে অযৌক্তিক ফি ধার্য করা হয়েছে। মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য বরাবর লিখিত আবেদন করেন। শিক্ষার্থীরা আবেদনে উল্লেখ করেন, করোনাকালীন তাদের পরিবার আর্থিক সংকটে ভুগছেন। তাছাড়া অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি ফি ও পরিবহন ফি নিচ্ছেও না। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, করোনাকালীন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। তারা হলে থাকেননি, পরিবহনও ব্যবহার করেননি। তাহলে কোন যুক্তিতে এসব খাতে তারা ফি দেবেন।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক ডক্টর মো. খোরশেদ আলম জানিয়েছেন, উপাচার্য বরারবর সাধারণ শিক্ষার্থীদের আবেদন তিনি পেয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে ইতিবাচক ভাবা হচ্ছে। অন্যসব বিশ্ববিদ্যালয়ে কী করছে তারও খোঁজখবর নিচ্ছেন। যেহেতু এটি আর্থিক বিষয় সেহেতু উপাচার্যসহ সংশ্লিস্টদের সঙ্গে কথা বলে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।
