শেখ সালাহ্উদ্দীন
এ মহানগরে মশারাই হলো সব সেরা সন্ত্রাসী
এদের দাপটে নতজানু এই নিরীহ নগরবাসী।
অ্যারোসল দাও কয়েল জ্বালাও ব্যবহার করো ম্যাট
অথবা ঘুরাও বনবন করে ইলেকট্রিকের ব্যাট।
কিছুতেই কিছু হয় না এদের এরা তো দিব্যি থাকে
নগরবাসীকে সর্বদা এরা তটস্থ করে রাখে।
গরিব ধনী কি মধ্যবিত্ত কাউকে দেয় না বাদ
ভেদাভেদে নয় বিশ্বাসী এরা, মানে যে সাম্যবাদ।
পুরুষ মশারা স্বভাবে নিরীহ শুধু করে গুনগুন
রমণী মশারা ঢেলে দেয় বিষ সাথে চুষে নেয় খুন।
আপাত নিরীহ কিউলেক্স মশা সে শুধু ফোটায় হুল
শীতকালে হয় তাদের নিয়েই অনেক হুলুস্থূল।
চিকুনগুনিয়া ডেঙ্গু ছড়ায় যে মশা সে তো অ্যাডিস
ম্যালেরিয়া দিয়ে বিখ্যাত মশা নামটা অ্যানোফিলিস।
নির্মূল করা যায় না এদের, তাই মশকের বংশ
সব্বাই মিলে এদের দমনে নিন সক্রিয় অংশ।
