সাভার পৌর এলাকার চাপাইনে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা এবং হেমায়েতপুরের নিমেরটেক এলাকায় অপর এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বিকালে পুলিশ সাভারের চাপাইন এলাকা থেকে আসমা খাতুন (২৫) এবং নিমেরটেক এলাকা থেকে তানিয়া খাতুনের (২০) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, পারিবারিক কলহের জেরে আসমার স্বামী ভ্যান চালক রকেট মিয়া শুক্রবার ভোরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। সকালে ঘরে তালা ঝুলতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা জানালা দিয়ে তাকালে ঘরের মেঝেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আসমার লাশ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। গৃহবধূ আসমার বাড়ি রাজশাহী জেলার বাগমারা থানার কুলিখালি কুমারপুর গ্রামে। তিনি মো. আক্কাস আলীর মেয়ে।
অপর দিকে শুক্রবার রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নিমেরটেক এলাকা থেকে তানিয়া খাতুন (২০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তানিয়া জনৈক আবুল কাসেমের বাড়িতে ভাড়া থাকতেন। নিহত ওই গৃহবধূর বাড়ি পাবনা জেলার সুজানগর থানার চড়ধোলাই গ্রামে।
রাতে ওই গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার এসআই অপূর্ব দাস জানান, নিহত দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/অনি
