খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নম্বর সার্কুলার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করেন। ঘটনাটি নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।
নিহতরা হলেন-খান মোহাম্মদ শাওন (৩৫) ও তার স্ত্রী জান্নাত বেগম (২৬)। নিহত শাওন সেন্টারিং মিস্ত্রি ছিলেন। তিনি একই এলাকার শাহাদাত আলী খান সড়কের বাসিন্দা খান মোহাম্মদ মহসিনের ছেলে। তাদের ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

ছবি: ইত্তেফাক
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শাওন তার পরিবার নিয়ে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নম্বর সার্কুলার রোড এলাকার এমডি নাসির উদ্দিনের বাড়ির তৃতীয়তলায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার ঘটনার সময় তাদের হাতে ৩-৪ হাত লম্বা একটি লোহার রড দেখা যায়। যেটি ওই বাড়ির বারান্দা ঘেঁষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনে লেগে যায়। তাতেই স্পৃষ্ট হয়ে মারা যান স্বামী-স্ত্রী।
বাড়ির মালিক নাসির উদ্দিন জানান, চারমাস আগে শাওন মাসিক ৩ হাজার ৮০০ টাকা ভাড়ায় তার বাড়ির তৃতীয় তলায় ওঠেন। বৃহস্পতিবার পারিবারিক কোন্দলে হয়তো রড নিয়ে স্বামী-স্ত্রী একে অপরকে আঘাত করতে গিয়েছিল। আর সেই রড বিদ্যুতের তারে স্পৃষ্ট হওয়ায় তারা মারা যান। খবর পেয়ে তিনি ছাদে উঠে অন্য একটি লাঠি দিয়ে তার থেকে রডটি সরিয়ে দিলে তারা পড়ে যান।
একই ধরনের তথ্য দেন ফায়ার সার্ভিস খুলনার টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন।’
ইত্তেফাক/এএএম
