পাভেল হোসাইন ইমরান
ভালোবাসা দিবসের দিন সকালবেলায় এক মধ্যবয়স্ক লোক রাস্তার ওপর এক বালতি গোলাপ নিয়ে দাঁড়িয়ে ছিল। রাস্তা দিয়ে যে মানুষটাই যাচ্ছিল তাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলছিল—
আহেন আহেন দেইখা যান
বাইছা বাইছা গোলাপ লন।
সেখান দিয়ে যাচ্ছিলেন ঝাক্কাসদা। গোলাপ বিক্রেতার আর্তনাদ তার ভালো লেগে গেল। তিনি থামলেন। গোলাপ বিক্রেতার কাছে গিয়ে বললেন, ‘গানটা তো সেই বানিয়েছেন!’
—মামা গোলাপ ফুল লন। তাইলেই না আমার গান গাওয়াডা সার্থক হইব।
ঝাক্কাসদা পুরো বালতি থেকে বেছেটেছে একজোড়া গোলাপ হাতে নিলেন।
—এগুলোর দাম কত?
—দাম চাইলে তো চাইতাম ৮০ টেকা। তয় ভালোবাসা দিবস উপলক্ষে ৬০ টেকা।
—তুমি মামা দাম চাচ্ছ নাকি কিডনি চাচ্ছ!
—আচ্ছা আর বাড়কেডিং কইরেন না। ৫০ টেকা দেন।
—ধুরু মিয়া, তোমার সামান্য দুইটা ফুলের দামে তো দুই খান কোকাকোলা কিনে প্রেমিকাকে খাওয়াতে পারব।
—ভাই, বুইঝালছি আপনার কপালে কী আছে!
—কী আছে?
—এহনি যেমনে কিপ্টামী করতাছেন। তাতে তো আপনার ফিউচার অন্ধকার।
—কী বলতে চাও তুমি?
—দেইখেন ঠিকই একদিন প্রেমিকা আপনার হাতে কোকাকোলার বোতল ধরায় দিয়া কইব, ‘খাইতে খাইতে বাড়ি যান ভাইয়া!’
