খুলনায় বিদ্যুত্স্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৪

খুলনায় বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন খান মোহাম্মদ শাওন (৩৫) ও তার স্ত্রী জান্নাত বেগম (২৬)। খুলনা থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শাওন তার পরিবার নিয়ে নগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়ের ৪৮ নম্বর সার্কুলার রোড এলাকার এমডি নাসির উদ্দিনের বাড়ির তৃতীয়তলায় ভাড়া থাকতেন।

দুর্ঘটনার সময় তাদের হাতে তিন-চার হাত লম্বা একটি লোহার রড ছিল। যেটি ঐ বাড়ির বারান্দা ঘেঁষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনে লাগে। তাতেই স্পৃষ্ট হয়ে মারা যান স্বামী-স্ত্রী। বাড়ির মালিক নাসির উদ্দিন জানান, খবর পেয়ে তিনি ছাদে উঠে অন্য একটি লাঠি দিয়ে তার থেকে রডটি সরিয়ে দিলে তারা পড়ে যান। ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন।