যাবার আগে কোনো বেদনার দাগ
আমি রেখে যাবো না—কোথাও না
রেখে যাবো না খানা-খন্দে লুকানো ছায়া
আমি একবার শুধু দেখে যাবো
ধান চিবোনো চঞ্চল চড়ুইয়ের চিবুক
খলার রোদেরা আমার দিকে তাকিয়ে ছিল
আমি তাই খোলপেটুয়া নদীর বন্দনা করেছি
তুমি অমিত্রাক্ষর ছন্দে ভেঙে দিতে চেয়েছো
কপোতাক্ষের পা; কিন্তু তুমি তো জানো না
পুরুষ নদে নারীরাও শরীর খুলে সাঁতার কাটে
আমি একটি বিচ্ছিন্ন দ্বীপের
দরোজা খুলেছিলাম—তার পুরনো
আলমারিতে রাখা ছিল সুতাদের শরীর
অর্ধবেলার খোরাকির জন্য যারা কাঁদে
তারাই বোঝে রোদেলা খলার অহংকার
মেয়েটি অন্ধ ছিল বলে
প্রেমিকার চোখে ছুড়েছিল সাদা লাঠি
চলো আমরা—সুইয়ের ছিদ্রে সুতা ফেলি
