আজ সারাদিন মেঘলা আকাশ
বৃষ্টিবিহীন
আজ সারাদিন নীড়ে বসে থাকা
অলস এদিন
আজ সারাদিন আশায় আশায়
স্বপ্নের জাল বোনা
আজ সারাদিন শুরু হলো
অপেক্ষার দিন গোনা
আজ সারাদিন শুধু গুন গুন
মনে মনে
আজ সারাদিন চকিতে চমকে ওঠা
ক্ষণে ক্ষণে
আজ সারাদিন রজকিনী পাশে নেই
চণ্ডীদাস একা একা
বিরহবিধুর একাকী জীবন
হউক বা না হউক দেখা
