শফিকুল ইসলাম শফিক
অন্য রকম লালু যেমন
অন্য রকম প্রেম
অল্প দামি চশমা তবু
চারটি লাগে ফ্রেম।
অঙ্কে শুধু ভীষণ কাঁচা
চাচির মেয়ে মউ
অংক শেখায় নিত্য তাকে
এমনি ডাকে বউ।
বাড়ির পাশে ফুপুর বাড়ি
ফুপুর মেয়ে জিম
প্রেমের কথা কইলে বলে
হাট্টিমা টিম টিম।
মামির বাড়ি যায় প্রতিদিন
মামির মেয়ে জুঁই
আদর করে খাওয়ায় তাকে
কাতলা বোয়াল রুই।
একটু বেশি ভালো লাগে
খালার মেয়ে মিম
প্রেমের কথা শুধাই যদি
বলে ঘোড়ার ডিম।
বিয়ের বয়েস একুশ যখন
বিয়ের কথা কয়
জানান দিল মাকে যেন
চারটি বিয়ে হয়।
আস্তে-ধীরে বিয়ের কথা
রটে সারা গ্রাম
চিন্তা একই বিয়ের পরে
করবে লোকে নাম।
পাগল ছেলের কথা শুনে
সবাই হতবাক
নেইকো উপায় বিয়ে ছাড়া
কেউ খুঁজো না ফাঁক।
মামা খালু ফুপা চাচা
ভেবে নিরুপায়
অবশেষে সবাই রাজি
লজ্জা মাথা খায়।
বিয়ের পরে বাঁধে ওরা
চার সতীনের ঘর
এই বাড়িতে ঝগড়াঝাঁটি
রাত্রি দিনও ভর।
কনইল, নওগাঁ
