দিবসটি ছিল বিশেষ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩২

 

  ব্রত রায়

 

বিশেষ দিবসে সংবাদগুলো

হয় খুবই গত্বাঁধা

ভ্যালেন্টাইনস ডেতে ব্যাপারটা

কীরকম হতো দাদা?

 

‘ভাবগম্ভীর পরিবেশ ছিল

মর্যাদা যথোচিত

বিখ্যাতগণ বাণী দিয়েছেন

মেসেজ সম্বলিত!’

 

শ্রদ্ধা জানিয়ে লাইলি-মজনু,

শিরি-ফরহাদের প্রতি

কামনা করেছে প্রেমীরা তাদের

আত্মার সদ্গতি!

 

পার্কে-টার্কে এখানে ওখানে

করা হয় কোলাকুলি

কেউ করেছেন লুকিয়ে-চুরিয়ে

কেউ কেউ খোলাখুলি!

 

ধনী-নির্ধন, গ্রাম্য-শহুরে

ছিল না কোথাও ভেদ

সবখানে ছিল মিলনের সুর,

নয় কোনো বিচ্ছেদ!

 

‘সবার জন্য ভালবাসা’—এই

প্রতিপাদ্যকে ঘিরে

প্রেমিকজুটিরা ব্যস্ত আছিল

কর্মসূচির ভিড়ে।

 

হয় উপহার আদানপ্রদান,

বিশেষ-খাবার খাওয়া

সংবাদগুলো সারাবাংলার

প্রতিনিধি দ্বারা পাওয়া!’