সাঈদ সাহেদুল ইসলাম
আবুল যখন যুবক— তখন আজকের এমন উত্সবে,
ভ্যালেন্টাইনস দিন পালনে পায়নি মোটেই জুত সবে।
কারণ তখন পুরান দিনে কেউ ছিল না আপডেটেড,
এখন যখন তরুণসমাজ দারুণ প্রেমে সাফ ডেটেড!
যাক গে, আবুল বুড়ো এবং তার বিবিজান বুলবুলি,
করবে তো উদযাপন এ দিন অতীতেরই ভুল ভুলি!
বিবির দাবি ‘প্রাণের স্বামী যাক জীবনেও খাইনি যে,
এবার খাবোই; এ দিন চলো পার্ক অথবা চাইনিজে!
সেটাই হলো পার্কে গেলো বিবিই যেমন জিদ ধরে,
ফুল বিনিময়; বাদাম খেলো হঠাত্ বিবির নিদ ধরে।
সারাদিনের ক্লান্তি তো আজ ভর করে তার শরীরে,
কোন বিপাকে পড়ল আবুল ‘এখন বা কী করি রে?’
বিবির দু হাত টানে তবু জাগছে না সে, মরল? হায়!
খবর ছড়ায়, পুলিশ আসে হাতে বেড়ি ওর লোহায়!
‘এই নারী কে কী করেছ?’ আবুল কী কয় পুলিশে?
বিবির মরণ দশায় তো আজ ভুলেই গেছে বুলি সে!
বিবিবিহীন ইশ আবুলের দুঃখ জেলের সেলখানায়,
বিবির যখন হুঁশ ফিরেছে, তখনও সে জেলখানায়!
এবার বিবি ছুটল থানায় ‘কোথায় তুমি, আবুল গো
আমার জিদে তুমি থানায়, ইশ করেছি যা ভুল গো!’
আবুল চোখে জল ঝরাল ‘আমায় ধরে আইনও যে
ঠিক করেছে। শুদ্ধ প্রেমে সেইন্ট ভ্যালেন্টাইনসও যে
প্রাণ দিয়েছে। কিন্তু আমি! জেলে বেঁচেও ভাগ্যবান,
তুমি আমি অমর প্রেমে, করছি না প্রেম-প্রাজ্ঞ ভান!’
