বিএনপি আন্তর্জাতিক মহলে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টির চেষ্টা করছে :কাদের

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:৪৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লবিস্ট নিয়োগ করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টির চেষ্টা করছে। গতকাল শনিবার সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন কংগ্রেসসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠকে কয়েকটি বিদেশি রাষ্ট্র নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের আরও বলেন, ‘অনেকগুলো দেশের সঙ্গে আলোচনা করলে একটা দুইটা দেশ প্রশ্ন তুলতেই পারে। আর বিএনপি তো প্রচুর টাকা-পয়সা দিয়ে লবিং করাচ্ছে, এটা লবিংয়ের মাধ্যমেও হতে পারে।’ তফসিল ঘোষণার  পর সব দলের সমান সুযোগসহ কিছু নিশ্চিতের বিষয়টি এখন নির্বাচন কমিশনের জানিয়ে ওবায়দুল কাদের বলেন, লেভেল প্লেইং এর বিষয়টা এখন পুরোপুরি নির্বাচন কমিশনের উপর। এখানে সরকারের কিছু করার নেই। এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ইলেকশনের সিডিউল ঘোষণার পর থেকে এটা নির্বাচন কমিশনের হাতে চলে গেছে।’ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ না পেলে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে হুমকি দিয়েছে, তার জবাবে তিনি প্রশ্ন তুলে বলেন, ভোটে বিএনপি আসলেই অংশ নিতে কি চায়? পল্টনে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, তারা সুষ্ঠু পরিবেশ চায়? তাদের আচরণে তো তার কোনো প্রকাশ নেই।

সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী প্রার্থীর বিষয়ে ঐক্যফ্রন্টের নেতাদের নিরুত্তর থাকার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ প্রশ্নটা আমি রেইজ করেছি, এখন পর্যন্ত জবাব পাইনি।’ নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘৫০ বছর আগে থেকে গ্রামে গ্রামে এই ঘটনা ঘটে আসছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিছু দিন আগেও এমন ঘটনা ঘটেছে, তখন তো মিডিয়া সেটাকে রাজনীতিতে জড়ায়নি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকালের মধ্যেই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে। শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেবে আওয়ামী লীগ। এক সপ্তাহের মধ্যে কোনো দলকে কত আসন দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। তবে শরিক দলের প্রার্থী যদি বিজয় নিশ্চিত করতে পারে তাহলে সেসব আসনও ছেড়ে দেবে আওয়ামী লীগ। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে একটি সাম্প্রদায়িক জোট বলেও আখ্যায়িত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।