গাজীপুর প্রতিনিধি
আলোচিত ঘটনায় গ্রেফতার হেফাজত ইসলামের সাবেক নেতা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, সোনাডাঙ্গা থানার মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য মামুনুল হককে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। সকালে পুলিশ হেফাজতে তাকে খুলনা জেলা কারাগারে নেওয়া হয়। তিনি নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধা, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলায় গ্রেফতার রয়েছেন।
এদিকে খুলনা অফিস জানায়, হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে খুলনা কারাগারে আনা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কড়া পুলিশি পাহারার মধ্যে তিনি খুলনা জেলা কারাগারে এসে পৌঁছান।
খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক জানান, নগরীর সোনাডাঙ্গা থানার একটি মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আগামীকাল রবিবার হাজিরা দেওয়ার জন্য মামুনুল হককে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামুনুল হক সুস্থ আছেন বলেও জানান তিনি।
