তিতাসে চিহ্নিত সন্ত্রাসীদের অত্যাচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী। শনিবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রাম সংলগ্ন আসমানিয়া-জাহাপুর সড়কে মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভিটিকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার সাইজুদ্দিন আহমেদ, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাইজুদ্দিন সরকার তাদের বক্তব্যে অভিযোগ তুলেন, দড়িকান্দি গ্রামের শাহরিয়া নামের জনৈক ব্যক্তি দীর্ঘদিন যাবত্ গ্রামে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রবাসীদের স্ত্রীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে, তাকে চাঁদা না দিলে মহিলাদের ঘরে তালা ঝুলিয়ে দেয়।
দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, শিক্ষক মোবারক হোসেন, ডাক্তার নুরুল আমিন ও আলী হোসেন, থানা জাতীয় পার্টি শাখার যুগ্ম সম্পাদক আদিলুর রহমান, রিনা আক্তারসহ দড়িকান্দি গ্রামের প্রায় তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন। তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম বলেন, এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিষয়টি আমাকে স্থানীয়রা জানিয়েছে। তবে অভিযোগ পেলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
