দুই দিনব্যাপী বার্ষিক সায়েন্টিফিক কনফারেন্স  

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৪

‘স্বাস্থ্য পদ্ধতি শক্তিশালীকরণ: আগামী দিনের সমাধান’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী বার্ষিক সায়েন্টিফিক কনফারেন্স-২০২১ শুরু হয়েছে। গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এ কনফারেন্স শুরু হয়। 

অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শাহ মনির হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ওয়ার্লড পাবলিক হেলথ ফেডারেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ওয়াল্টার রিকিয়ার্ডি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. বারডান জুং রানা। 

উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনফারেন্স পরিচালনা কমিটির সদস্য সচিব ড. আবু জামিল ফয়সাল।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন দক্ষিণ এশিয়া ওয়াটার এইড এর আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলাম, পথিকৃত ফাউন্ডেশনের প্রধান বিজ্ঞানী ও উপদেষ্টা এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. লিয়াকত আলী।

দুই দিনব্যাপী এ কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, পোল্যান্ড, ফিনল্যান্ড, মালয়েশিয়া, ভারত ও নেপালসহ বিভিন্ন দেশের ৫০ জনেরও অধিক খ্যাতনামা বিজ্ঞানী, শিক্ষাবিদ ও নীতিনির্ধারক বক্তব্য প্রদান করছেন।

প্রায় ছয়শ জনস্বাস্থ্যবিদ, স্বাস্থ্য পেশাজীবী, গবেষক ও কমিউনিটি স্বাস্থ্য কর্মকতা এই কনফারেন্সে অংশগ্রহণ করছেন।

ইত্তেফাক/এএএম