ডাকটিকিট

ডাকটিকিটে মাদার তেরেসা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৭

 

আজ দীনদুঃখী, অনাথ, আশ্রয়হীন, অবাঞ্ছিতদের মা মাদার তেরেসার ২৪তম মৃত্যুবার্ষিক। ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর কলকাতার মিশনারিজ অফ চ্যারিটির সদর দফতরে মাদার হাউজে মহীয়সী মাদার তেরেসা মৃত্যুবরণ করেন এবং ১৩ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় মাদার হাউজের নিমতলায় একটি রুমে তাঁকে সমাহিত করা হয়। ১৯১০ সালের ২৭ আগস্ট আলবেনীয় বংশোদ্ভূত মাদার তেরেসার ম্যাসেডোনিয়ার স্কপিয়ে শহরে জন্ম। মাদার তেরেসা বাংলাদেশের খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে ১১টি সেবাকেন্দ্র স্থাপন করেন। বিশ্বের ১২৬টি দেশে তাঁর স্থাপিত সেবাকেন্দ্র রয়েছে। ১৯৬৫ সালে ভেনিজুয়েলায় প্রথম কেন্দ্র খোলেন। বাংলাদেশে এসেছিলেন ১৯৭২ ও ১৯৯৫ সালে। ১৯৯৫ সালে তিনি একটি ভাসমান হাসপাতাল এবং গাজীপুরের বিশিয়ায় বৃদ্ধ ও শিশুদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র স্থাপন করেন। ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।

বিশ্বের বিভিন্ন দেশ মহান ব্যক্তিত্বদের ওপর স্মারক ডাকটিকিট প্রকাশ করে থাকে। মহীয়সী নারী মাদার তেরেসার ওপর বিশ্বের বিভিন্ন দেশ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। ১৯৮০ সালের ২৭ আগস্ট মাদার তেরেসার ৭০তম জন্মবার্ষিক ও নোবেল পুরস্কারপ্রাপ্তি উপলক্ষ্যে ভারত ৩০ পয়সা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। এটিই তাঁর ওপর প্রথম ডাকটিকিট। এরপর ১৯৮৫ সালে উগান্ডা, ১৯৯২ সালে মঙ্গোলিয়া, ১৯৯৩ সালে গায়ানা, ১৯৯৬ সালে সান মারিনো, সেন্ট্রাল আফ্রিকা ও আলবেনিয়া, ১৯৯৭ সালে ভারত, আলবেনিয়া, তুর্কমেনিস্তান, ১৯৯৮ সালে ব্রাজিল ও গ্যাবোনাইজ, ১৯৯৯ সালে বাংলাদেশ ও ইথিওপিয়া, ২০০০ সালে মরিশাস, ২০০১ সালে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড,  মাইক্রোনেশিয়া ও গিনি বিসাউ, ২০০২ সালে সাইপ্রাস, মোজাম্বিক, ২০০৩ সালে রুয়ান্ডা, আলবেনিয়া, গিনি বিসাউ  ও ভ্যাটিকান সিটি, ২০০৫ সালে সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, ২০০৮ সালে ভারত, ২০০৯ সালে ভারত, আইভরি কোস্ট, কিরঘিস্তান আফগানিস্তান ও ভুটান, ২০১০ সালে জন্মশতবর্ষে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ, ২০১৬ সালে ভারত ও কয়েকটি দেশ  সাধারণ, স্মারক ডাকটিকিট, সুভেনির শিট বা ডাকটিকিটের শিটলেট প্রকাশ করে। এর বাইরে প্রায় প্রতি বছর বিভিন্ন দেশ মাদার তেরেসার ওপর ডাকটিকিট প্রকাশ করছে।  সর্বশেষ জাতিসংঘ ডাক প্রশাসন তাঁর ১১১তম জন্মবার্ষিক উপলক্ষ্যে গত ১২ আগস্ট একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে।

বাংলাদেশ ১৯৯৯ সালের ২৭ আগস্ট মাদার তেরেসার দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষ্যে ৪ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। এটিই বাংলাদেশ থেকে তাঁর ওপর প্রকাশিত একমাত্র ডাকটিকিট, যার নকশা করেন মো. আনোয়ার হোসেন। এরপর ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর মাদার তেরেসার ১০২তম জন্মবার্ষিক উপলক্ষ্যে চিটাগাং ফিলাটেলিক অ্যাসো-সিয়েশন আয়োজিত বিশেষ ডাকটিকিট প্রদর্শনীর জন্য বাংলাদেশ ডাক বিভাগ একটি বিশেষ খাম প্রকাশ করে। খামে মাদার তেরেসার ছবি স্থান পায়, যার ডিজাইনার মো. ইকবাল মজিদ।

 

০০০